মিসরের রাজধানী কায়রোর একটি প্রধান সড়কে পেট্রোলিয়ামজাত পণ্যবাহী একটি যানবাহন উল্টে আগুন ধরে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। দেশ রূপান্তরের প্রতিবেদন অনুযায়ী, এ ঘটনায় আরও ২৫ জন আহত হয়েছেন। খবর আল জাজিরা'র।

বুধবার (২৫ নভেম্বর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। দুর্ঘটনার পর আগুন ছড়িয়ে পড়লে আশপাশের বেশ কয়েকটি যানবাহনও পুড়ে যায়।

কায়রোর বৃহত্তর সড়ক যোগাযোগব্যবস্থার গুরুত্বপূর্ণ রিং রোডে এ দুর্ঘটনা ঘটে। গিজা গভর্নরেটের ইমবাবা জেলার ওয়ারাক এলাকায় একটি সুড়ঙ্গের ওপর আগুনের সূত্রপাত হয়। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পেট্রোলিয়ামজাত পণ্যবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝখানের বিভাজকে ধাক্কা দেয়। এরপর ট্রাকটি উল্টে গেলে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে।

এতে সড়কে থাকা অন্যান্য যানবাহনও আগুনের কবলে পড়ে। পরে ফায়ার সার্ভিস ও জরুরি উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য ৩৯টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছিল।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে ব্যাপক উদ্ধার তৎপরতা চালানো হয়। পরে আহতদের উদ্ধার করে কাছাকাছি বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। বিচার বিভাগীয় কার্যালয়ের তথ্য অনুযায়ী, ভয়াবহ এ অগ্নিকাণ্ডে অন্তত ২৭টি যানবাহন পুড়ে গেছে।

এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির সরকারি কৌঁসুলি। নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করার জন্য তাঁদের মরদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহেরও নির্দেশ দেওয়া হয়েছে।

দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। প্রেসিডেন্টের সরকারি মুখপাত্র জানিয়েছেন, নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন তিনি। একই সঙ্গে আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেছেন প্রেসিডেন্ট।

মিসরের মন্ত্রিসভার এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী মোস্তফা মাদবুলি দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি আহত ব্যক্তিদের চিকিৎসার যাবতীয় ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহনের নির্দেশ দিয়েছেন তিনি।

স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনার পর থেকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে কী কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজকে ধাক্কা দিয়েছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।