একাত্তর টিভির প্রতিবেদন অনুযায়ী, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বেলতলী বিশ্বরোড এলাকায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের বহনকারী একটি বাস লক্ষ্য করে জ্বলন্ত টায়ার নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে শহর থেকে ক্যাম্পাসে ফেরার পথে এ ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাতে বাসটি ক্যাম্পাসের দিকে যাওয়ার পথে বেলতলী বিশ্বরোড এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা বাসটিতে আগুন জ্বালানো একটি টায়ার নিক্ষেপ করে। এতে বাসে থাকা শিক্ষার্থীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে চালকের দক্ষতায় বড়ো কোনো দুর্ঘটনা থেকে রক্ষা পায় শিক্ষার্থীরা এবং এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, ঘটনায় কারা জড়িত এবং কী কারণে বাস লক্ষ্য করে জ্বলন্ত টায়ার নিক্ষেপ করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন আবাসিক হলগুলোর বাইরের ফটক রাত ১১টার পর থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শাহাদাৎ হোসেন একাত্তর টিভিকে বলেন, বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন দেওয়ার চেষ্টা এবং দেশব্যাপী চলমান অস্থিরতায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।