প্রথম আলো অনুযায়ী, রাজধানীর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের জন্য মাতুয়াইলে প্রায় দেড় একর জমিতে নতুন একটি খেলার মাঠ নির্মাণের ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

তিনি বলেছেন, আগামী এক সপ্তাহের মধ্যে মাঠটির নির্মাণকাজ শুরু হবে। আজ বুধবার রাজধানীর ডেমরায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের নিজস্ব খেলার মাঠ উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ডিএসসিসি প্রশাসক এ ঘোষণা দেন।

অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক বলেন, মাতুয়াইলে আরেকটি পূর্ণাঙ্গ খেলার মাঠ নির্মাণ করবে দক্ষিণ সিটি করপোরেশন। পাশাপাশি আজ উদ্বোধন করা কলেজের নিজস্ব মাঠে আলোকসজ্জা, নেটের ব্যবস্থাসহ প্রয়োজনীয় অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।

উপযুক্ত খেলার মাঠ তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে ভূমিকা রাখবে এবং তাঁদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন মো. আবদুস সালাম। তিনি বলেন, শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও এই মাঠ ব্যবহারের সুযোগ পাবেন।