হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গত তিন দিনে পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানি পণ্য ও গাঁজা জব্দ করেছে। আলোকিত বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাটালিয়নের অধিনায়ক।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত আটটার দিকে এ তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
বিজিবি সূত্রে জানা যায়, গত তিন দিনে ব্যাটালিয়নের আভিযানিক দল হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সীমান্ত থেকে চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান চালায়। এতে বিপুল পরিমাণ ভারতীয় টমেটো, কম্বল, ফুচকা ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ করা হয়।
একই সময়ে চুনারুঘাট উপজেলার সাতছড়ি বিওপির টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে বাজারটিলা নামক স্থান থেকে ১০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে। জব্দকৃত মাদকদ্রব্য ও অবৈধ পণ্য যথাযথ আইনগত প্রক্রিয়ায় সংশ্লিষ্ট অফিসে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে বলে জানানো হয়।
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, মাদকের অনুপ্রবেশ প্রতিরোধ এবং সব ধরনের চোরাচালান দমনে বিজিবি সর্বদা তৎপর। এ লক্ষ্যে সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে।
সূত্র: আলোকিত বাংলাদেশ, ২৪ নভেম্বর ২০২৬।






