ইনডিপেনডেন্ট টিভি অনুযায়ী, ইতালীয় পরিচালক ড্যানিয়েলে রুগো নির্মিত তথ্যচিত্র ‘লাইফ সাপোর্ট’ গাজার বিধ্বস্ত হাসপাতাল, চিকিৎসকদের অসহায়ত্ব এবং প্রতিদিন মৃত্যুর সঙ্গে লড়াই করা মানুষের বাস্তব চিত্র তুলে ধরেছে।
দোহা ফিল্ম ফেস্টিভ্যালে ২৩ নভেম্বরের এক সংবাদ সম্মেলনে পরিচালক, প্রযোজক উইলিয়াম প্যারি এবং নির্বাহী প্রযোজক ফারাহ নাবুলসি চলচ্চিত্রটির নির্মাণপ্রক্রিয়া ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন।
ফিল্মটি মূলত গাজায় কাজ করা আন্তর্জাতিক চিকিৎসকদের মোবাইল ফোনে ধারণ করা ভিডিও থেকে তৈরি, যেখানে তিন বছরের সংঘাতের মধ্যে হাসপাতালের ভেতরের পরিস্থিতি, চিকিৎসাসামগ্রীর সংকট ও আহত মানুষের চিকিৎসার সংগ্রাম ফুটে ওঠে।
তথ্যচিত্রে অনুসরণ করা হয়েছে প্লাস্টিক সার্জন ভিক্টোরিয়া রোজ, গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সার্জন নিক মেনার্ড এবং শিশু নিবিড় পরিচর্যা বিশেষজ্ঞ তানিয়া হাজ-হাসান। তারা ফিলিস্তিনি সহকর্মীদের সঙ্গে কাজ করে হাসপাতালের ধ্বংসযজ্ঞ, খাদ্যসংকট ও অসংখ্য হতাহতের ঘটনা প্রত্যক্ষ করেন।
রুগো বলেন, চলচ্চিত্রে যা দেখানো হয়েছে তা সবই চিকিৎসকদের নিজ চোখে দেখা এবং মোবাইল ফোনে ধারণ করা বাস্তব ঘটনা। প্যারি জোর দেন যে স্বাস্থ্যব্যবস্থা জনগোষ্ঠীকে বাঁচাতে অপরিহার্য এবং চিকিৎসকরা শারীরিক ক্লান্তি, অপুষ্টি ও ব্যক্তিগত ক্ষতির মধ্যেও জীবন রক্ষা করছেন।
নির্বাহী প্রযোজক ফারাহ নাবুলসি উল্লেখ করেন যে ‘লাইফ সাপোর্ট’ ভবিষ্যতে আদালতে সাক্ষ্য ও প্রমাণের নথি হিসেবেও ভূমিকা রাখতে পারে।
ফিল্মে গাজার দুই চিত্রগ্রাহক মাহমুদ আবু হামদা ও সুলেইমান হেজ্জির ফুটেজও ব্যবহার করা হয়েছে। ৯৩ মিনিটের এই চলচ্চিত্রটি যুক্তরাজ্য ও কাতারের যৌথ প্রযোজনা এবং দোহা ফিল্ম ফেস্টিভ্যালের বিশেষ প্রদর্শনী বিভাগে প্রদর্শিত হয়েছে।






