ঢাকা টাইমসের প্রতিবেদন অনুযায়ী, পটুয়াখালীর রাঙ্গাবালীতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বৈশাখী টেলিভিশন ও ঢাকা টাইমসের রাঙ্গাবালী উপজেলা প্রতিনিধি ফরাজী আবু তাহের। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার কোড়ালিয়া সংলগ্ন আগুনমুখা নদীতে একটি যাত্রীবাহী স্পিডবোটে এ ঘটনা ঘটে।

অভিযোগের বিষয়টি জানিয়েছেন সাংবাদিক আবু তাহের। তিনি জানান, কোড়ালিয়া-বোয়ালিয়া ও খালগোড়া-গলাচিপা নৌপথে চলাচলকারী স্পিডবোটে যাত্রীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট ব্যবহার না করা এবং সন্ধ্যার পর অতিরিক্ত ভাড়া আদায়সহ নানা অনিয়মের তথ্য সংগ্রহের উদ্দেশ্যে তিনি ভিডিও ধারণ করছিলেন। এ সময় স্পিডবোটে থাকা আমিনুর রহমান বিল্লাহ নামে এক ব্যক্তি প্রথমে বাঁধা দেন। পরে কথা-কাটাকাটির একপর্যায়ে তিনি সাংবাদিকের ওপর চড়াও হয়ে কিল-ঘুষি মারেন এবং হত্যার হুমকি দেন। এমনকি চলন্ত স্পিডবোট থেকে নদীতে ফেলে দেওয়ার চেষ্টাও করা হয় বলে অভিযোগ।

অভিযুক্ত আমিনুর রহমান বিল্লাহ পটুয়াখালী জেলা শহরের সবুজবাগ ৭ নম্বর লেনের কাছে পটুয়াখালী সরকারি কলেজ সংলগ্ন এলাকার বাসিন্দা। তিনি স্পিডবোটে করে রাঙ্গাবালীর ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালীতে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন বলে জানা গেছে। অভিযোগের বিষয়ে জানতে তার মুঠোফোনে কল করা হলে তিনি বলেন, 'এগুলোর কোনো বাস্তবতা আছে? একটু আগে আমি গলাচিপা এসেছি। কালকে আপনি সামনাসামনি এসে কথা বলেন।' এরপর তিনি ফোনটি কেটে দেন।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, বিষয়টি খুবই ন্যক্কারজনক এবং অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হাসানও ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে থানা পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। এদিকে রাঙ্গাবালী প্রেস ক্লাব ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্ত এবং আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।