ঢাকা ট্রিবিউন বাংলার প্রতিবেদন অনুযায়ী, বঙ্গোপসাগরে একটি লঘুচাপ শক্তি সঞ্চয় করছে। আগামী ১৬ নভেম্বর সন্ধ্যার মধ্যে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে, যার নাম হবে ‘আকভান’।
শনিবার (১৪ নভেম্বর) ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) এর পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থিত এই লঘুচাপ ২৪ ঘণ্টার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে এটি ধীরে ধীরে শক্তিশালী হতে পারে।
আইএমডির পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, ১৮ নভেম্বরের মধ্যে এটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তখন এর সর্বোচ্চ বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮৫ থেকে ৯৫ কিলোমিটার এবং দমকা হাওয়ার বেগ ঘণ্টায় ১০৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।
তবে এই ঘূর্ণিঝড়টি কোন উপকূলে আঘাত হানবে, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। আইএমডি সম্ভাব্য গতিপথের পূর্বাভাস প্রকাশ করলেও বাংলাদেশ বা ভারতের কোনো নির্দিষ্ট অঞ্চলকে এখনই আঘাতস্থল হিসেবে চিহ্নিত করেনি। আবহাওয়া অধিদপ্তর বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।






