চ্যানেল ২৪-এর প্রতিবেদন অনুযায়ী, মুন্সিগঞ্জ শহরের লঞ্চঘাট সংলগ্ন ধলেশ্বরী নদীতে নৌযানে জড়ো হয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে পুলিশ ৩৭ জন কিশোরকে আটক করেছে। আটককৃতদের বয়স ১৪ থেকে ২০ বছরের মধ্যে রয়েছে।

পুলিশ জানিয়েছে, আটককৃতদের মধ্যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী আছে কি না, তা যাচাই করা হচ্ছে।

ঢাকা ট্রিবিউন বাংলা ও বাংলা ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, শনিবার (১৪ নভেম্বর) দুপুরে পুলিশ আটককৃতদের আদালতে প্রেরণ করে। বিকেলে পৃথক চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও শিশু আদালতের বিচারক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন। মুন্সিগঞ্জ কোর্ট ইন্সপেক্টর মো. কামরুল ইসলাম মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

অন্যদিকে, আজকের পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে মুন্সিগঞ্জ শহরের মোল্লাচর এলাকা সংলগ্ন ধলেশ্বরী নদীতে। প্রতিবেদনে বলা হয়, প্রাথমিকভাবে পুলিশ একটি নৌযান থেকে ৭-৮ জন কিশোরকে আটক করে। এরপর স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা অন্য কিশোরদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।