ইনডিপেনডেন্ট টিভির খবর অনুযায়ী, হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মাহদী হাসানের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। শুক্রবার দিনগত মধ্যরাতে ফেসবুক লাইভে এসে এ অভিযোগ করেন মাহদী হাসান।
মাহদীর দাবি, রাত সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের পশ্চিম ভাদৈ গ্রামে তাদের বাড়িতে দুর্বৃত্তরা তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে তার ছোট চাচার ঘরের বৈদ্যুতিক মিটার পুড়ে যায়।
ফেসবুক লাইভে মাহদী জানান, বসতঘরের টিনের চাল লক্ষ্য করে পরপর দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এ ছাড়া ছোট চাচা আনোয়ার আলীর ঘরের বৈদ্যুতিক মিটার লক্ষ্য করে আরও একটি বোমা ছোড়া হয়। তিনি জানান, রাতের খাবার শেষে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন এমন সময় বিকট শব্দ শুনতে পান এবং পরে মিটারে আগুন দেখতে পান।
অন্যদিকে, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। তবে সেখানে পেট্রোল বোমা নিক্ষেপের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, মাহদীর বাড়ির সামনের চাচার ঘরের বৈদ্যুতিক মিটার থেকে ব্যাটারিচালিত রিকশা চার্জ দেওয়া হয়। ওই মিটারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ওসি আরও জানান, আগুন দেখে পরিবারের সদস্যরা ঘর থেকে বের হন। তবে মাহদীর অভিযোগের বিষয়ে ঘটনাস্থলে কোনো আলামত পাওয়া যায়নি এবং বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের মতো কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেন তিনি।






