ঢাকা পোস্টের প্রতিবেদন অনুযায়ী, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর রেক্টাম থেকে ডিম্বাকৃতির চারটি স্বর্ণসদৃশ বস্তু জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। জব্দ করা বস্তুগুলোর আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা।
রোববার (১৫ নভেম্বর) সকালে এক বিবৃতিতে সিআইআইডি জানায়, হাসান মিয়া নামের যাত্রীর বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। এক্স-রে পরীক্ষায় তার রেক্টামে স্বর্ণসদৃশ বস্তু থাকার বিষয়টি শনাক্ত হয়। পরে তার রেক্টাম থেকে প্রায় ৯০০ গ্রাম ওজনের চারটি ডিম্বাকৃতির বস্তু উদ্ধার করা হয়।
বিবৃতিতে আরও জানানো হয়, তার পরিহিত অন্তর্বাসের কাপড়ে আনুমানিক ১০০ গ্রাম স্বর্ণসদৃশ পেস্ট মাখানো অবস্থায় পাওয়া যায়। সব মিলিয়ে জব্দ করা বস্তুগুলোর ওজন প্রায় এক হাজার গ্রাম। সংশ্লিষ্ট সূত্র প্রাথমিকভাবে জানিয়েছে, এসব বস্তুর মূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা। তবে পরীক্ষা ও পরিশোধনের পর প্রকৃত স্বর্ণের পরিমাণ এবং বিশুদ্ধতা নিশ্চিত হওয়া যাবে।
সিআইআইডি জানিয়েছে, এ ঘটনার পেছনে সংঘবদ্ধ আন্তঃদেশীয় চোরাচালান চক্রের সম্পৃক্ততা থাকতে পারে। চক্রটি শনাক্ত এবং এর নেপথ্যে জড়িতদের খুঁজে বের করতে দেশের অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করবে অধিদপ্তর।






