ঢাকা টাইমসের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। মার্কিন ও ভারতীয় শীর্ষ কূটনীতিকদের বৈঠকের পরদিনই তার আগমন ঘিরে কূটনৈতিক মহলে আলোচনা তৈরি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, ১৩ নভেম্বর দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে অবস্থান নেন পিটার হাস। এর আগে ১২ নভেম্বর বারিধারায় ভারতীয় হাইকমিশনে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ও ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক করেন।
সূত্র জানায়, ১৯ নভেম্বর বিকেল পর্যন্ত বাংলাদেশে থাকার কথা রয়েছে পিটার হাসের। তবে তার এই সফরের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। এটি ব্যবসায়িক সফর নাকি অন্য কোনো উদ্দেশ্যে আগমন, সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি।
বাংলাদেশে প্রায় তিন বছর যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকারী পিটার হাস ২০২৪ সালের সেপ্টেম্বরে অবসর নেওয়ার পর বেসরকারি জ্বালানি প্রতিষ্ঠান অ্যাকসিলারেট এনার্জিতে যোগ দেন। বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির কৌশলগত উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকালে জাতীয় নির্বাচন নিয়ে সক্রিয় ছিলেন পিটার হাস। ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তিনি মন্তব্য করেছিলেন যে নির্বাচনটি অবাধ ও নিরপেক্ষ হয়নি। মার্কিন দূতাবাস বৃহস্পতিবার অনুষ্ঠিত বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে, তবে আলোচনার নির্দিষ্ট বিষয়বস্তু সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।






