ঢাকা ট্রিবিউন বাংলার খবর অনুযায়ী, লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চর কাচিয়া গ্রামে একটি ভাড়া বাড়ির উঠানে মাটির নিচে পুঁতে রাখা ১১টি শক্তিশালী ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বোমা নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ দল। উদ্ধার হওয়া বোমাগুলোর মধ্যে ছয়টি বড় ও পাঁচটি ছোট।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে ঘটনাস্থলে বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়। থানা পুলিশ সূত্রে জানা যায়, ৩ নভেম্বর রাতে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসের হাট বাজারে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়। এরপর এক যুবক বিএনপি নেতা ওবায়দুল্লাহসহ তিনজনকে ছুরিকাঘাত করেন। স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরদিন তাকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সুজন নামের ওই যুবকের বাড়ি ভোলা সদর উপজেলায়। তিনি উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামের মৃত আবু তাহের সিকদারের বাড়িতে ভাড়া থাকতেন। সোমবার (৯ নভেম্বর) তার ঘর থেকে বোমা তৈরির কিছু সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। পরদিন মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে একই বাড়ির উঠানে মাটির নিচে খোঁড়া গর্ত থেকে উদ্ধার করা হয় বোমাভর্তি দুটি টিনের দুধের কৌটা।

আদালতের নির্দেশে বিষয়টি ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ সেলকে জানানো হয়। বুধবার (১১ নভেম্বর) রাতে সেলের চার সদস্যের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে কৌটাগুলোর ভেতরে একাধিক শক্তিশালী আইইডি বোমার অস্তিত্ব নিশ্চিত করে।

স্থানীয়রা জানান, প্রায় দুই মাস ধরে সুজনসহ কয়েকজন যুবক ওই বাড়িতে ভাড়া থাকতেন। বাঁশ ও সুপারির পাতা দিয়ে বাড়ির চারপাশে ঘন বেষ্টনী তৈরি করেছিলেন তারা। সুজনের বিরুদ্ধে দায়ের করা মামলায় আরও সাতজনের নাম উল্লেখ করা হয়েছে, যাদের মধ্যে রয়েছেন চরবংশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমাম হোসেন গাজী ও তার ছেলে উপজেলা কৃষক দলের সাবেক সদস্যসচিব শামীম গাজী।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া ঢাকা ট্রিবিউন বাংলাকে বলেন, “তিনজনকে ছুরিকাঘাতের ঘটনায় সুজনকে আটকের পর মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তার ভাড়া বাসা থেকে বোমা তৈরির সরঞ্জাম এবং একই বাড়ির উঠান থেকে ১১টি বোমাভর্তি দুটি টিনের কৌটা উদ্ধার করা হয়। ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ দল বোমাগুলো নিষ্ক্রিয় করেছে। বিশেষজ্ঞ দল জানিয়েছে, বোমাগুলো শক্তিশালী আইইডি ছিল।”