দেশ রূপান্তর সূত্রে জানা যায়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদের সভাপতিত্বে বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি কার্যক্রম সংক্রান্ত একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কমিশনের সকল সদস্য এবং ভার্চুয়াল প্লাটফর্মে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের উপাচার্যরা অংশ নেন।
সভায় গত ৯ নভেম্বর ইউজিসিতে অনুষ্ঠিত উপাচার্যদের সভায় গৃহীত সিদ্ধান্ত পুনর্বিবেচনা এবং ভর্তি কার্যক্রম পরিচালনার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উল্লেখ্য, ৯ নভেম্বরের সভায় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ফলাফল পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত ২০২৬-২৭ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে ভর্তি পরীক্ষা গ্রহণ না করার অনুরোধ জানানো হয়েছিল।
৯ নভেম্বরের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সৃষ্ট ভুল-বোঝাবুঝি নিরসন এবং ভর্তি কার্যক্রম পরিচালনায় স্পষ্টীকরণের লক্ষ্যে ১৮ নভেম্বর এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়সমূহের আইনগত ও প্রাতিষ্ঠানিক ক্ষমতা এবং একাডেমিক স্বায়ত্তশাসনের বিষয়টি পর্যালোচনা করা হয়।
বিস্তারিত আলোচনা শেষে সভায় সর্বসম্মতিক্রমে তিনটি সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, গত ৯ নভেম্বর ২০২৬ তারিখে গৃহীত সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলো তাদের নিজস্ব আইন, সংবিধি, বিধি-প্রবিধান এবং যথাযথ একাডেমিক কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসরণ করে নিজ নিজ ভর্তি কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিতে পারবে বলে উল্লেখ করা হয়।






