টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন মির্জাপুরের মহেড়া রেলওয়ে স্টেশন মাস্টার সোহেল রানা। তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা নীল সাগর এক্সপ্রেসটি চিলাহাটির দিকে যাচ্ছিলো।
মাস্টার সোহেল রানা আরও জানান, ট্রেনটি মহেড়া রেল স্টেশন এলাকায় পৌছালে পিছনের একটি বগির চাকা লাইন থেকে সরে গেলে ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে ব্লক পয়েন্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় এ অঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফলে বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা পড়েছে এবং যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছেন, রিলিফ ট্রেনের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং দ্রুতই রিলিফ ট্রেন আসবে। যান্ত্রিক ক্রটির কারণে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আমাদের স্টেশনে কোনো লাইনের সমস্যা ছিলো না বলেও জানানো হয়।
এ খবর জানিয়েছে ঢাকা ট্রিবিউন বাংলা।






