প্রথম আলো ইংলিশের খবর অনুযায়ী, ভারতের যুব নেতৃত্বাধীন কক্রোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতাকে পাঁচ দিনের জন্য জেল হেফাজতে পাঠানো হয়েছে। অনধিকার প্রবেশের অভিযোগে তাঁদের এই শাস্তি দেওয়া হয় বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। এর আগে দিল্লির পুলিশ রাজধানী শহরের কেন্দ্রস্থলে অবস্থিত যন্তর মন্তর সড়কটিকে নির্ধারিত প্রতিবাদ স্থলের তালিকা থেকে বাদ দেওয়ার ঘোষণা দেয়। এর একদিন পর, গত মঙ্গলবার যন্তর মন্তরে প্রবেশের দায়ে দাস ও রাঙ্কাকে আটক করা হয়।
অভিজিৎ দীপের অনলাইনে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, ওই দুই নেতা যন্তর মন্তরের ব্যারিকেড পার হয়ে ফাঁকা জায়গায় গিয়ে জাতীয় পতাকা ওড়াচ্ছেন। এরপর পুলিশ তাঁদের ধাওয়া করে আটক করে। ভারতের নির্বাচন কমিশনের প্রধানের পদত্যাগের দাবিতে সাম্প্রতিক দিনগুলোতে বিরোধী দল ও আন্দোলনকারীরা বিক্ষোভ করে আসছেন। নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষমতাসীন দলের সুবিধার জন্য ভোটার তালিকা কারসুপির অভিযোগ আনা হয়েছে। তবে ভারতের নির্বাচন কমিশন এই অভিযোগ অস্বীকার করেছে।




