ঢাকা পোস্টের তথ্যানুযায়ী, পঞ্চগড়ের বোদা উপজেলায় যাত্রীবাহী থ্রি-হুইলারকে পেছন থেকে ট্রাকের ধাক্কায় আহত যাত্রীদের মধ্যে আরও এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই দুর্ঘটনায় মা-মেয়েসহ মোট তিনজনের প্রাণহানি ঘটল। শুক্রবার রাতে ঠাকুরগাঁওয়ে চিকিৎসাধীন অবস্থায় প্রমিলা (৩০) নামের ওই নারী মারা যান। তার বাড়ি দেবীগঞ্জ উপজেলার পামুলি ইউনিয়নের খেলারাম গ্রামে।

এর আগে শুক্রবার বিকেলে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের কৈকিল্লা দিঘি এলাকায় সাকোয়া বাজার থেকে ছেড়ে আসা উপজেলা শহরগামী একটি থ্রি-হুইলারকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে যানটি সড়কের পাশে ছিটকে পড়ে আট যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। গুরুতর আহতদের মধ্যে পাঁচজনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে মাহমুদা আক্তার (৩৫) ও তার মেয়ে আল আকসা সুমাইয়া সম্প্রীতিকে (৭) রংপুরে নেওয়ার পর রাতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মাহমুদা পঞ্চগড় বিসিক শিল্পনগরীর হিসাবরক্ষক ছিলেন।

বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মণ্ডল সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে ঢাকা পোস্ট। তিনি জানান, ট্রাকটি চিহ্নিত করা হয়েছে এবং এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।