বাংলা ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের আনসার কমান্ডার কমলচন্দ্র সরকার দীর্ঘদিন ধরে নিজ বাড়ির উঠানে চটের বস্তা বিছিয়ে সাঁওতাল ও হতদরিদ্র পরিবারের ৩৫ থেকে ৪০ জন শিশুকে বিনা মূল্যে পাঠদান করছেন।
তিনি এই মহতী উদ্যোগকে আরও সুসংগঠিত ও স্থায়ী রূপ দিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের বিশেষ উদ্যোগে সেখানে এক কক্ষবিশিষ্ট ‘সঞ্জীবন পাঠশালা’ নির্মিত হতে যাচ্ছে।
পাঠশালাটি পরিদর্শন করে দিনাজপুর জেলা কমান্ড্যান্ট (উপপরিচালক) মো. নুরুজ্জামান কমলচন্দ্র সরকারকে অবহিত করেন যে, মহাপরিচালকের উদ্যোগে পাঠশালাটির অবকাঠামো নির্মাণ করা হবে। এই খবরে আনন্দে আবেগাপ্লুত হয়ে পড়েন কমলচন্দ্র এবং মহাপরিচালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আনসার বাহিনী জানিয়েছে, পাঠশালার অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি কমলচন্দ্র সরকারের বাড়িতে একটি গৃহস্থালি সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ‘সঞ্জীবন পাঠশালা’তেও একটি সোলার প্যানেল স্থাপন করা হবে।
উল্লেখ্য, ২০২৫ সালে বাহিনীর পক্ষ থেকে শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। একই বছর কমলচন্দ্র সরকারকে ‘প্রেসিডেন্ট আনসার সেবা পদক’ প্রদান করা হয়। এ ছাড়া তার আর্থিক অসচ্ছলতা বিবেচনায় জেলা কমান্ড্যান্টের নিজস্ব রেশন থেকে নিয়মিত চাল, ডাল, তেল ও চিনি প্রদান করা হচ্ছে।





