বাসসের খবর অনুযায়ী, সোমালিয়ার জলদস্যুরা জেলে সেজে এবং ইয়েমেনের সোমালি সম্প্রদায়ের মধ্যে লুকিয়ে থেকে ইয়েমেনের অফশোর এলাকায় সংযুক্ত আরব আমিরাতের একটি জাহাজ সংক্ষিপ্ত সময়ের জন্য হাইজ্যাক করেছিল। ব্রিটিশ মেরিটাইম এজেন্সি ইউকেএমটিও জানায়, ইয়েমেনের বালহাফ বন্দর থেকে প্রায় ১২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে একটি কার্গো জাহাজে হামলাকারীরা উঠেছিল। পরে দিনশেষে সংস্থাটি জানায় যে জলদস্যুরা জাহাজটি খালি করে চলে গেছে এবং জাহাজটি তার গন্তব্যের বন্দরের দিকে যাত্রা করছে।

সোমালিয়ার আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল পুন্টল্যান্ডের নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়, জাহাজটির নাম এমভি মার্সা ভির্গো। এটি সংযুক্ত আরব আমিরাতভিত্তিক মার্সা ওশেন শিপিংয়ের মালিকানাধীন এবং পানামার পতাকাবাহী। পুন্টল্যান্ডের তিনজন নিরাপত্তা কর্মকর্তা এএফপিকে জানান, ছয়জন সোমালি বন্দুকধারী একটি মাছ ধরার নৌকায় করে পুন্টল্যান্ড ছেড়ে ইয়েমেনে অ্যাডেন উপসাগর অতিক্রম করে এই হামলা চালায়।

কর্মকর্তারা আরও জানান, ১৯ জন ক্রু সদস্য জাহাজটিতে ছিলেন এবং তারা নিজেদের একটি নিরাপদ ঘরে আটকে রেখেছিলেন। তবে এএফপির পক্ষ থেকে এই বিবরণ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। হুতিদের দায়ী করার বিষয়টি এক কর্মকর্তা নাকচ করে জানান যে, স্থানীয় সোমালি শরণার্থী সম্প্রদায়ের ভেতরকার অপরাধী চক্র জলদস্যুদের সহায়তা করেছে। হর্ন অব আফ্রিকার জলসীমায় সাম্প্রতিক সময়ে জলদস্যুতার পুনরুত্থান ঘটেছে এবং এপ্রিলের পর থেকে অন্তত ১৬টি হামলার ঘটনা ঘটেছে, যা ২০১৩ সালের পর সর্বোচ্চ।