ইনডিপেনডেন্ট টিভির প্রতিবেদন অনুযায়ী, আমেরিকার সম্ভাব্য সামরিক পদক্ষেপকে কেন্দ্র করে নতুন উত্তেজনার মধ্যে ইরান কঠোর বার্তা দিতে থাকে। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, শত্রুপক্ষের যেকোনো ভুল পদক্ষেপের মোকাবিলায় তারা সবল অবস্থানে আছে।

ইরানের সশস্ত্র বাহিনীর উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হেইদারি বলেন, ইরানের বিরুদ্ধে যে স্থান থেকে আক্রমণ হবে, সেই স্থানটিকেই বৈধ লক্ষ্য হিসেবে গণ্য করা হবে। হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে কঠোর অবস্থানের কথাও জানান তিনি। তাঁর দাবি, ভৌগলিক অবস্থান ও হরমুজের কৌশলগত গুরুত্ব ইরানকে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে শক্তিশালী করেছে।

এদিকে তেহরান ইরাককেও সতর্ক বার্তা দিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহাম্মদ মোখবার বাগদাদকে বলেছেন, সীমান্ত ইস্যুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি বাস্তবায়নের হাতিয়ার হিসেবে যেন ইরাক ব্যবহৃত না হয়। এই সতর্কতা আসে ইরাকের বাহিনী সিরিয়া ও ইরানের সঙ্গে দুটি সীমান্তপথ বন্ধ করার কয়েকদিন পর।

ইনডিপেনডেন্ট টিভির প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির তেল পাচার বন্ধ, দুর্নীতি দমন এবং অস্ত্রের নিয়ন্ত্রণ রাষ্ট্রের হাতে নেওয়ার উদ্যোগের প্রশংসা করেছেন ট্রাম্প। ট্রাম্পের ইরানের ক্ষেপণাস্ত্র ইউরোপ পর্যন্ত পৌঁছাতে পারে, তবে আমেরিকায় নয়—এমন মন্তব্যের জবাবে রোমে অবস্থিত ইরানি দূতাবাস জানিয়েছে, আত্মরক্ষায় ক্ষেপণাস্ত্রের পাল্লাই মূল বিষয় নয়; সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় বৈধ পথ বিবেচনার বাইরে রাখা হবে না।