আজকের পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, দেশের রপ্তানি আয়ে তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্য খাতের দুর্বলতার বিপরীতে সেবা খাতে প্রবৃদ্ধি দেখা গেছে। ২০২৫-২৬ অর্থবছরে পণ্য রপ্তানি থেকে আয় আগের অর্থবছরের তুলনায় শূন্য দশমিক ৮ শতাংশ কমলেও সেবা রপ্তানি থেকে আয় বেড়েছে ৪ দশমিক ৭ শতাংশ। তবে সেবা খাতের এই প্রবৃদ্ধি পণ্য রপ্তানির আয় কমে যাওয়ার প্রভাব কাটিয়ে উঠতে পারেনি। ফলে পণ্য ও সেবা মিলিয়ে দেশের মোট রপ্তানি আয় কমেছে শূন্য দশমিক ১ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ৪ হাজার ৩২০ কোটি ডলার। আগের অর্থবছরে এই আয় ছিল ৪ হাজার ৩৫৫ কোটি ৯৩ লাখ ডলার। অন্যদিকে সেবা রপ্তানি থেকে আয় হয়েছে ৭২৪ কোটি ২৯ লাখ ডলার। সব মিলিয়ে গত অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে আয় দাঁড়িয়েছে ৫ হাজার ৪৪৪ কোটি ২৯ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান আজকের পত্রিকাকে জানান, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও ভূরাজনৈতিক অস্থিরতার কারণে প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকের চাহিদা কিছুটা চাপে ছিল। তবে এর বিপরীতে অপ্রচলিত পণ্যের বাজার সম্প্রসারিত হয়েছে এবং তথ্যপ্রযুক্তিসহ সেবা খাতে রপ্তানি আয় বেড়েছে।






