বাংলা ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) রাষ্ট্র ও প্রশাসনের নিরপেক্ষতা, জনগণের স্বাধীন ভোটাধিকার ও নির্বাচনি মাঠের সমতার নিশ্চয়তার দাবি জানিয়েছে।
রবিবার (২৯ নভেম্বর) আগারগাঁওয়ে অনুষ্ঠিত এই সভায় দলটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন ও সম্পাদকমন্ডলীর সদস্য নিখিল দাস।
লিখিত বক্তব্যে বাসদ উল্লেখ করেছে, গণতান্ত্রিক সমাজ গঠনের লক্ষ্যে স্থানীয় সরকার নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে কালো টাকা, পেশিশক্তি, মব সন্ত্রাস, সাম্প্রদায়িক উসকানি এবং প্রশাসনিক পক্ষপাত প্রতিহত করতে হবে।
দলটি ৮টি বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা ও বাস্তবায়নের দাবি জানিয়েছে। এর মধ্যে রয়েছে প্রার্থীর জামানত বৃদ্ধি বাতিল, ভয়ভীতি ও সন্ত্রাসমুক্ত ভোটের পরিবেশ নিশ্চিত করা, কালো টাকা ও পেশিশক্তির দৌরাত্ম্য বন্ধ করা এবং নির্বাচন কমিশন ও প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা।
এছাড়াও প্রশাসনিক কারসাজি ও প্রভাবমুক্ত নির্বাচন, সাম্প্রদায়িক প্রচারণা ও উসকানি নিষিদ্ধ করা, জনগণের কাছে প্রার্থীদের জবাবদিহি নিশ্চিত করা এবং স্বশাসিত স্থানীয় সরকার গঠনের দাবি জানিয়েছে বাসদ।






