বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের জন্য নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের বিষয়ে মালিক এবং শ্রমিক পক্ষের মধ্যে দীর্ঘ আলোচনার পর কোনো চূড়ান্ত সমাধান আসেনি বলে জানিয়েছে ডয়চে ভেলে বাংলা। সোমবারের বৈঠকে মালিকপক্ষ ন্যূনতম মজুরি ১৫ হাজার ৮০০ টাকা করার প্রস্তাব দিয়েছে, অন্যদিকে শ্রমিকপক্ষ তাদের পূর্বের দাবি সংশোধন করে ২২ হাজার টাকা করার প্রস্তাব করেছে।
ডয়চে ভেলে বাংলার কনটেন্ট পার্টনার প্রথম আলো জানায়, সোমবার অনুষ্ঠিত মজুরি বোর্ডের তৃতীয় সভার শুরুতে মালিকপক্ষ ন্যূনতম মজুরি ১৫ হাজার টাকা করার কথা জানিয়েছিল। তবে কয়েক ঘণ্টা আলোচনার পর তারা সেটি বাড়িয়ে ১৫ হাজার ৮০০ টাকা করার প্রস্তাব দেয়। অন্যদিকে, শ্রমিকপক্ষ এর আগে ৩২ হাজার টাকা মজুরির দাবি করলেও সোমবার তা সংশোধন করে ২২ হাজার টাকা প্রস্তাব করেছে।
মজুরি বোর্ড, বিজিএমইএ এবং শ্রমিক নেতাদের সূত্রে জানা গেছে, সোমবারের বৈঠকটি একাধিক বিরতিসহ প্রায় আট ঘণ্টা ধরে চলে। কোনো সিদ্ধান্ত ছাড়াই সভা মুলতবি হওয়ায় মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর দুইটায় দুই পক্ষ পুনরায় আলোচনায় বসবে। এদিকে মজুরি বোর্ড আয়োজিত আলোচনার দিনেও গাজীপুরে পোশাক শ্রমিকরা বিক্ষোভ প্রদর্শন করেছেন।






