দেশ রূপান্তর সূত্রে জানা যায়, বঙ্গোপসাগরের মোহনায় অবস্থিত সুন্দরবনের দুবলার চরে সনাতন ধর্মাবলম্বীদের তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসবের সমাপনী দিনে মঙ্গলবার (২৪ নভেম্বর) মহাপুণ্যস্নান অনুষ্ঠিত হয়েছে। ভোরে সাগরের মোহনায় নারী-পুরুষ, শিশু-বৃদ্ধরা প্রার্থনা ও জোয়ারের লোনাজলে ডুব দিয়ে পাপমুক্তি ও জগৎকল্যাণের প্রার্থনা করেন।

গত রবিবার (২২ নভেম্বর) থেকে শুরু হওয়া এই শতবর্ষী আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১৫ সহস্রাধিক সনাতন ধর্মাবলম্বী সমবেত হন। সুন্দরবন পূর্ব বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী জানান, এবারের রাস পূজা ও পুণ্যস্নান উপলক্ষে বাগেরহাট ও খুলনা জেলায় পুণ্যার্থীদের জন্য মোট ৪২৬টি বোর্ডের অনুমোদন দেওয়া হয়েছিল। তবে পুণ্যার্থীদের মতে, সরকারি হিসাবের বাইরেও বিপুল সংখ্যক মানুষ উৎসবে অংশ নেন।

বন বিভাগ সূত্রে জানা গেছে, সুন্দরবনের জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় ২০২১ সাল থেকে বাণিজ্যিক মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ রয়েছে। পুণ্যার্থীদের নিরাপত্তা ও বন্যপ্রাণী শিকার রোধে বনরক্ষী, কোস্টগার্ড, নৌবাহিনী, র‍্যাব ও পুলিশ সদস্যরা জল ও স্থলপথে নিরাপত্তাবলয় বজায় রাখেন। স্নান শেষে তীর্থযাত্রীরা নিজ নিজ গন্তব্যে ফিরতে শুরু করেছেন।