ঢাকা টাইমসের খবর অনুযায়ী, সুন্দরবনের দুবলার চরে রাস পূর্ণিমা উৎসবে যোগ দিতে যাওয়ার সময় ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসতে থাকা পুণ্যার্থীবাহী একটি বোট থেকে ২৯ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। সোমবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এই তথ্য জানান।
কোস্ট গার্ড জানায়, গত ২১ নভেম্বর রাতে ডাংমারি ফরেস্ট অফিস থেকে পাস নিয়ে দুবলার চরের উদ্দেশে যাত্রা করা বোটটির ইঞ্জিন ২২ নভেম্বর রাতে রূপের গাং সংলগ্ন এলাকায় বিকল হয়ে পড়ে। পরে জরুরি সেবা নম্বরে ফোন পেয়ে কোস্ট গার্ড আউটপোস্ট দুবলা লোট্টা খালি খাল এলাকা থেকে তাদের নিরাপদে উদ্ধার করে। উদ্ধারকৃতদের প্রাথমিক চিকিৎসা ও খাবার দেওয়া হয়েছে এবং গন্তব্যে পৌঁছে দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।






