সারাবাংলার প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের কোনো সম্ভাবনা নেই। যদিও তাকে দেশটিতে নেওয়ার চেষ্টা অব্যাহত রেখেছে ভারত। তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন এবং আস্থার সংকট থাকায় আপাতত এই সফর হচ্ছে না বলে সরকারি একাধিক সূত্র জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আগামী ডিসেম্বরের শুরুতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্টের ঢাকা সফর এবং সৌদি আরব সফরের প্রস্তুতির কারণেও চলতি বছর নয়াদিল্লি সফর হচ্ছে না। এছাড়া ভারতের অবস্থান নিয়ে অসন্তোষ রয়েছে। কর্মকর্তারা বলছেন, ভারতে অবস্থান করে শেখ হাসিনা যাতে বাংলাদেশকে অস্থির করতে না পারেন, সে বিষয়ে ভারত কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। এছাড়া সংখ্যালঘু নির্যাতন ও পানিবণ্টনসহ দ্বিপক্ষীয় নানা বিষয়েও জটিলতা রয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণায় দেশের ভেতরে অস্থিরতা বাড়ায় এবং এ বিষয়ে দিল্লির নীরবতা প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ ভারত সফরকে আরও জটিল করে তুলেছে। তবে সরকারি সূত্র জানিয়েছে, দুই দেশের সম্পর্কের অস্বস্তি কমাতে এবং অনুকূল পরিবেশ তৈরি হলে ভবিষ্যতে এই সফর হতে পারে।






