ইনকিলাবের প্রতিবেদন অনুযায়ী, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় শহীদ হোসেন মনা হত্যার বিচার দাবিতে বুধবার (১১ নভেম্বর) বিকেলে স্বজনরা নোয়াখালী-ফেনী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। জেলার বাণিজ্যিক শহর চৌমুহনী বাজার এলাকায় ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়। অবরোধের সময় সড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এলাকাবাসীরাও বিক্ষোভকারীদের সাথে একাত্মতা প্রকাশ করেন।
পরে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুল কবির দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা সড়ক ছেড়ে দেন।
অবরোধের সময় এলাকাবাসীর পক্ষে নুরুল আমিন, আব্দুল মমিন, দুলাল মিয়া প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা দ্রুত আসামিদের গ্রেফতারের দাবি জানান। নুরুল আমিন বলেন, হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টা পার হলেও প্রধান অভিযুক্ত ফুয়াদ, রিমন, জসিম, কাশেম, স্বপন, আবুল হোসেনকে এখনো পুলিশ গ্রেফতার করতে পারেনি। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানোর আহ্বান জানান।
উল্লেখ্য, গত রোববার (৮ নভেম্বর) রাতে হাজীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নাদু মুহুরী বাড়ির বুলু মিয়ার ছেলে শহীদ হোসেন মনাকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তার ভগ্নীপতি মামুন নামের একজন গুরুতর আহত হন।





