ইত্তেফাকের প্রতিবেদন অনুযায়ী, কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় পর্বে দেশীয় অর্থায়নে বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। পরিবেশগত কারণ দেখিয়ে চার বছর আগেই জাপান এই পর্বে ঋণ না দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছিল। নতুন পরিকল্পনায় বিদ্যমান কেন্দ্রের পাশে তৃতীয় ও চতুর্থ ইউনিট স্থাপনে ১৯ হাজার ৮৩৯ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, মাতারবাড়ী জ্বালানি হাব জাপানের পরামর্শে ডিজাইন করা হলেও তারা দ্বিতীয় পর্বে অর্থায়ন থেকে সরে গেছে। এজন্য বিদ্যুৎ বিভাগ একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে। প্রস্তাবিত মোট ব্যয়ের মধ্যে ১৭ হাজার ৫১১ কোটি টাকা সরকারি কোষাগার থেকে এবং ২ হাজার ৩২৮ কোটি টাকা বাস্তবায়নকারী সংস্থা কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (সিপিজিসিবিএল) নিজস্ব তহবিল থেকে দেওয়া হবে। প্রস্তাবে বিদেশি অর্থায়ন ধরা হয়নি। ডিপিপিতে প্রতি ডলারে ১২২ টাকা ৯৮ পয়সা বিনিময় হারে প্রস্তাবিত ব্যয় প্রায় ১৬১ কোটি মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। প্রকল্পের মেয়াদ ২০৩০ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাবিত কেন্দ্রটি দুই ইউনিটের, যার প্রতিটির ক্ষমতা ৬০০ মেগাওয়াট এবং মোট ক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। এজন্য ইতিমধ্যে প্রকৌশল পরামর্শক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিপিজিসিবিএল। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় ২০২২ সালের ২২ জুন জানায়, কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন নিয়ে আন্তর্জাতিক আলোচনার গতিপ্রকৃতি বিবেচনায় ওডিএ আওতায় ঋণ দেওয়ার প্রক্রিয়া আর এগিয়ে নেওয়া হবে না। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা জানান, গ্যাস বা এলএনজি দিয়ে কেন্দ্রটি পরিচালনা করার সুযোগ নেই বললেই চলে, তাই কয়লাভিত্তিক জ্বালানিতে নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মাতারবাড়ীর প্রথম পর্বের প্রকল্প ২০১৪ সালের আগস্টে অনুমোদন পায়। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) ঋণসহায়তায় সেখানে ৬০০ মেগাওয়াটের দুটি ইউনিট স্থাপন করা হয়। সিপিজিসিবিএলের ২০২৪-২৫ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, প্রথম ইউনিটে কয়লা দিয়ে পরীক্ষামূলক উৎপাদন শুরু হয় ২০২৩ সালের আগস্টে। সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব অনুযায়ী, প্রথম পর্বের প্রাক্কলিত ব্যয় ৫৬ হাজার ৬৯৩ কোটি ৯০ লাখ টাকা, যার মধ্যে জাইকার ঋণ ৪৭ হাজার ৯৪৫ কোটি ৩ লাখ টাকা। এদিকে প্রথম ধাপের জাইকা ঋণের কিস্তির অর্থ ব্যবহার ও পরিশোধের দায়িত্ব নির্ধারণে সরকার ও সিপিজিসিবিএলের মধ্যে সাবসিডিয়ারি লোন অ্যাগ্রিমেন্ট (এসএলএ) স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে। গত সপ্তাহে এ বিষয়ে অর্থ বিভাগকে চিঠি দিয়েছে বিদ্যুৎ বিভাগ।