চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জয় চৌধুরী এফডিসির চলচ্চিত্র সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত ১৯টি সংগঠনের আহ্বায়ক কমিটির দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। চ্যানেল আই অনলাইনের প্রতিবেদন অনুযায়ী, কমিটির সভাপতি হেলাল খানের নেতৃত্বে থাকতে অনিচ্ছা প্রকাশ করে সোমবার রাতে লিখিত বার্তায় পদত্যাগের সিদ্ধান্ত জানিয়েছেন তিনি।
অভিযোগ ও পটভূমি
জয় চৌধুরী অভিযোগ করেছেন, হেলাল খান নিজেই শিল্পীদের ‘বাস্টার্ড’ বলে গালিগালাজ করেছেন। এ ছাড়া তার সামনে হেলাল খানের সহযোগী হিসেবে পরিচিত বহিরাগত ব্যক্তিরা শিল্পীদের মারধরের হুমকি দিয়েছেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন বলে দাবি করেন তিনি। পাশাপাশি শিল্পী সমিতি ভেঙে দেওয়া এবং সমিতির সব সদস্যকে এফডিসি থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন জয়।
চ্যানেল আই অনলাইনকে দেওয়া লিখিত বার্তায় জয় চৌধুরী বলেন, ‘যে নেতার কাছে আমরা শিল্পীরা নিরাপদ নই, সেক্ষেত্রে আমি চলচ্চিত্রের ১৯টি সংগঠন থেকে পদত্যাগ করব। এমন নেতার নেতৃত্বে আমি থাকতে চাই না, যিনি নিজেই শিল্পীদের গালিগালাজ করেন।’
এর আগে রবিবার বিকেলে এফডিসির প্রধান ফটকে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে’ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন হেলাল খান, সংগীতশিল্পী ইথুন বাবু, চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, সংগীতশিল্পী দিঠি আনোয়ার ও মৌসুমী চৌধুরীসহ অনেকে। তবে এফডিসিতে উপস্থিত থাকলেও কর্মসূচিতে অংশ নেননি জয় চৌধুরীসহ শিল্পী সমিতির কয়েকজন সদস্য।
কর্মসূচি শেষে শিল্পী সমিতি চত্বরে গিয়ে জয় চৌধুরীর সঙ্গে কথা বলেন হেলাল খান। এ সময় দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। জয় বিষয়টি বোঝানোর চেষ্টা করলে আরও ক্ষুব্ধ হন হেলাল। শিল্পী সমিতির সামনে কয়েকজনকে বসে থাকতে দেখে তাদের উদ্দেশেও ক্ষোভ প্রকাশ করেন তিনি। ভিডিও ফুটেজে দেখা যায়, হেলাল খান জয় চৌধুরীকে উদ্দেশ করে ‘তুই ফ্যাসিস্ট’ বলে ধমক দিচ্ছেন। হেলাল খান বলেন, ‘যারা বসে আছে সবগুলো ফ্যাসিস্ট। জয়কে বলেন, “চুপ, একদম চুপ তুই ফ্যাসিস্ট। এফডিসিকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে।”’






