জাপানের ওকিনাওয়া দ্বীপে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর এক ক্যাপ্টেনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। ঢাকা পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (১৪ নভেম্বর) ভোর ৩টা ৯ মিনিটের দিকে ওকিনাওয়ার একটি রাস্তায় গাড়ি চালানোর সময় ২৭ বছর বয়সী ওই পাইলটকে গ্রেপ্তার করা হয়।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই গ্রেপ্তারের ঘটনা ঘটেছে এমন এক সময়ে, যখন ওকিনাওয়ায় মার্কিন সৈন্যদের অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে টোকিও ও ওয়াশিংটন নতুন পদক্ষেপে রাজি হয়েছিল। গত সপ্তাহে মার্কিন সামরিক বাহিনীর এক সদস্যের বিরুদ্ধে খুনের অভিযোগ ওঠার পর উভয় দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল।

জাপানে যুক্তরাষ্ট্রের প্রায় ৫৪ হাজার সামরিক সদস্য অবস্থান করছেন, যাদের বেশিরভাগই ওকিনাওয়ায়। জাপানি সংবাদমাধ্যম কিয়োডো নিউজ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ক্যাপ্টেন ওকিনাওয়ার কাদেনা বিমান ঘাঁটিতে দায়িত্ব পালন করছিলেন।

ওকিনাওয়া প্রিফেকচারাল পুলিশের এক মুখপাত্র এএফপিকে জানিয়েছেন, ওই সৈন্য মার্কিন কর্তৃপক্ষের জারি করা কারফিউ ভেঙেছিলেন কি না, তা এখনো নিশ্চিত করা যায়নি। মার্কিন কর্মকর্তারা গত সপ্তাহে জানিয়েছিলেন, আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত সাধারণ সৈন্যদের কারফিউ বাড়ানো হয়েছে এবং মধ্যরাত থেকে ভোর ৫টার মধ্যে বাড়ির বাইরে মদপান নিষিদ্ধ করা হয়েছে।