ঢাকা ট্রিবিউনের তথ্যানুযায়ী, কুমিল্লায় ভাষা আন্দোলনের অন্যতম অগ্রদূত ও শহীদ বীর মুক্তিযোদ্ধা ধীরেন্দ্রনাথ দত্তের ঐতিহাসিক বাসভবনে লাগানো একটি সাইনবোর্ড ভাঙচুর করেছেন ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)-র নেতারা। গত শুক্রবার রাতে কুমিল্লা শহরের ধর্মসাগরের পাড়ে অবস্থিত এই বাসভবনে এ ঘটনা ঘটে। সম্পত্তিটি বিক্রি রোধ এবং এটিকে জাতীয় ঐতিহ্য হিসেবে সংরক্ষণ ও স্মৃতি জাদুঘরে রূপান্তরের দাবিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সাইনবোর্ড ভাঙচুরের একটি ভিডিও ভাইরাল হয়। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ধীরেন্দ্রনাথ দত্তের নাতনি এবং সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য অরোমা দত্ত। তিনি সম্পত্তিটিকে নিজের পৈতৃক উত্তরাধিকার সূত্রে বৈধ দাবি করে সেখানে সাইনবোর্ড লাগিয়েছিলেন। অরোমা দত্ত বলেন, সম্পত্তিটি নিয়ে তিনি কী করবেন—তা তার ব্যক্তিগত বিষয়, তবে রাতে এভাবে সাইনবোর্ড ভাঙচুর অত্যন্ত দুঃখজনক।
এদিকে এনসিপির কুমিল্লা মহানগর সদস্য সচিব মাসুমুল বারী কাওসার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঐতিহাসিক এই বাড়িটিকে রাষ্ট্রীয় উদ্যোগে সংরক্ষণ করা উচিত এবং কোনো বাণিজ্যিক লেনদেনে ব্যবহার করতে দেওয়া হবে না। কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান জানান, এ বিষয়ে পুলিশ এখনও কোনো অভিযোগ পায়নি, অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে।






