বাংলা ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, রাজধানী ঢাকার মোহাম্মদপুরের লালমাটিয়ায় গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্য পরিচয় দিয়ে ভয়ভীতি প্রদর্শন ও টাকা দাবির অভিযোগে মো. সোহাগ বেপারী (৩৭) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে লালমাটিয়ার অক্সফোর্ড ইংলিশ মিডিয়াম স্কুলের পেছনের সড়ক থেকে তাকে আটক করা হয়। এ সময় তার সহযোগী রতন মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, এর আগে বৃহস্পতিবার দিনের বেলায় সোহাগ ও রতন এনএসআই সদস্য পরিচয় দিয়ে লালমাটিয়া ডি ব্লকের মাঠে চলমান একটি মেলায় গিয়ে কয়েকজনকে ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করেছিলেন। বিষয়টি স্থানীয়দের মাঝে জানাজানি হলে স্থানীয়রা তাদের ধরার চেষ্টা করেন। পরবর্তীতে শুক্রবার রাতে ওই এলাকার একটি গলিতে আবারও এক ব্যক্তির কাছে টাকা দাবি করার সময় স্থানীয়রা সোহাগকে আটক করেন। এ সময় স্থানীয়দের মারধরের মুখে তার সহযোগী মোটরসাইকেলযোগে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সোহাগকে নিজেদের হেফাজতে নেয়।
পুলিশ জানিয়েছে, আটক সোহাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও মারামারিসহ একাধিক মামলার তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান মোহাম্মদপুর থানার ওসি।






