দৈনিক ইত্তেফাক-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, রাজধানীর অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা উপেক্ষা করে অতিরিক্ত ভর্তি ফি আদায় করা হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী ঢাকা মহানগরীতে বাংলা মাধ্যম স্কুলে ভর্তি ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা এবং ইংরেজি ভার্শনে ১০ হাজার টাকা নির্ধারণ করা হলেও, বাস্তবে কোনো কোনো প্রতিষ্ঠানে প্রথম শ্রেণিতে ১৫ হাজার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। উন্নয়ন ফি, আইডি কার্ড ফি, বিদ্যুৎ বিল ও জেনারেটর চার্জসহ নানা খাতের কথা বলে এই অর্থ আদায় করা হচ্ছে বলে ইত্তেফাককে জানিয়েছেন অভিভাবকরা। এছাড়া ধানমন্ডি, উত্তরা ও বসুন্ধরার কিছু ইংলিশ মিডিয়াম স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তি ফি লাখ টাকার ওপরে।
মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল ইত্তেফাককে জানান, নীতিমালা উপেক্ষা করে অতিরিক্ত ফি আদায় করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং এ বিষয়ে নিয়মিত নজরদারি থাকবে।
অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি মো. জিয়াউল কবির দুলু ইত্তেফাককে বলেন, সরকারি নির্দেশনা যেন শুধু নামের মধ্যে সীমাবদ্ধ না থাকে, কারণ বিভিন্ন খাতের নাম পরিবর্তন করে অতিরিক্ত অর্থ আদায় বন্ধ করতে হবে এবং ঘোষিত নীতিমালার শতভাগ বাস্তবায়ন জরুরি।






