বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ জানিয়েছেন যে শিক্ষার্থীদের লেখালেখি ও শিক্ষকদের পাঠদানে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বাড়ছে, তবে এআইকে নিষিদ্ধ না করে দায়িত্বশীল, ন্যায়সংগত ও নৈতিক ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, প্রযুক্তির ব্যবহার বাড়লেও শিক্ষায় মানুষের বিচারবোধ, মানবিকতা ও নৈতিকতাকে গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীদের লেখালেখিতে এআইয়ের ব্যবহার বাড়ায় এখন প্রযুক্তি শ্রেণিকক্ষে আসবে কি না, সেটি আর মূল প্রশ্ন নয়; বরং কীভাবে এর দায়িত্বশীল ও নৈতিক ব্যবহার নিশ্চিত করা যায়, সেটিই গুরুত্বপূর্ণ।
শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ক্যাম্পাসে ‘১২তম বেল্টা আন্তর্জাতিক সম্মেলন ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘ইংলিশ ল্যাঙ্গুয়েজ এডুকেশন ইন আ ফ্র্যাকচার্ড ওয়ার্ল্ড: পোস্টহিউম্যানিস্ট পারসপেক্টিভস অ্যান্ড প্র্যাকটিসেস’। এ প্রসঙ্গে ইউজিসি চেয়ারম্যান বলেন, যুদ্ধ, মানবিক সংকট, জলবায়ু পরিবর্তন ও বৈষম্যের পাশাপাশি বিশ্ব এখন প্রযুক্তিগত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা জ্ঞান উৎপাদন, শিক্ষার্থীদের লেখালেখি ও শিক্ষকদের পাঠদানের পদ্ধতিতে পরিবর্তন আনছে।
ইংরেজি শিক্ষার গুরুত্ব তুলে ধরে অধ্যাপক মামুন আহমেদ বলেন, বৈশ্বিক জ্ঞান, গবেষণা ও কর্মসংস্থানের সঙ্গে যুক্ত হতে ইংরেজি ভাষায় দক্ষতা জরুরি। তবে ভাষাগত দক্ষতার পাশাপাশি শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তা ও যোগাযোগের সক্ষমতাও গড়ে তুলতে হবে। সম্মেলনে উপস্থাপিত গবেষণা ও ধারণাগুলো বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণ এবং শ্রেণিকক্ষের পাঠদানে কাজে লাগবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
উচ্চশিক্ষার মান নিশ্চিত করাকে ইউজিসির অগ্রাধিকার উল্লেখ করে তিনি বলেন, দক্ষ, নৈতিকতাসম্পন্ন ও আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজের উপযোগী শিক্ষার্থী তৈরি এবং সমাজের প্রয়োজন মেটাতে পারে—এমন গবেষণাকে উৎসাহিত করতে চায় কমিশন। এ জন্য প্রশিক্ষিত ও গবেষণামনস্ক শিক্ষক প্রয়োজন। শিক্ষকদের দক্ষতা উন্নয়ন ও গবেষণায় বেল্টার ভূমিকারও প্রশংসা করেন তিনি।
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগ ও বাংলাদেশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার্স অ্যাসোসিয়েশন (বেল্টা) যৌথভাবে দুই দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে। এতে ১৩টি দেশের প্রায় ৬৫০ জন শিক্ষক, গবেষক ও ভাষা প্রশিক্ষক অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এম. আশিক মোসাদ্দিক, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস এবং ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের পাবলিক এনগেজমেন্ট পরিচালক স্কট হার্টম্যান।
সম্মেলনের আহ্বায়ক ছিলেন বেল্টার সভাপতি অধ্যাপক আহমেদ বশির এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের চেয়ারপারসন সহযোগী অধ্যাপক ড. আখতার জাহান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়ারউইকের ড. জেসন অ্যান্ডারসন, মার্কিন পররাষ্ট্র দপ্তরের ড. মলি ম্যাকহার্গ এবং অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ডের ড. ওবায়দুল হামিদ। সম্মেলনের সহযোগী প্রতিষ্ঠান ছিল ব্রিটিশ কাউন্সিল ও ঢাকাস্থ মার্কিন দূতাবাস।






