দেশ রূপান্তরের প্রতিবেদন অনুযায়ী, নোয়াখালীর বেগমগঞ্জে ১০ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. সাইফুল ইসলাম নামের এক মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি দিয়েছে উত্তেজিত জনতা। শনিবার (১৪ নভেম্বর) বিকালে উপজেলার স্থানীয় এক মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত শিক্ষক কিছু দিন আগে শিশুটিকে তার রুমে ডেকে ধর্ষণচেষ্টা চালায়। পরে শিশুটি বাড়ি গিয়ে পরিবারকে বিষয়টি জানায়। শনিবার বিকালে ঘটনা জানাজানি হওয়ায় স্থানীয় জনতা ও শিশুটির পরিবার মাদ্রাসায় অবস্থান নিয়ে শিক্ষককে আটকে রেখে গণপিটুনি দেয়।

পরে খবর পেয়ে পুলিশ অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে ভ্যানে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা চালালে স্থানীয়রা গাড়ি গতিরোধ করে আবারও গণপিটুনি দেয়। শেষ পর্যন্ত তাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

নোয়াখালী বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুজ্জামান জানান, এলাকাবাসী এতটাই উত্তেজিত যে এখনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যাচ্ছে না। বিস্তারিত তদন্ত সাপেক্ষে অভিযোগের বিষয়ে জানতে আরও সময় লাগবে। স্থানীয়রা অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।