আজকের পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রাম বন্দরের আলফা অ্যাঙ্করেজ এলাকায় এমভি বালাসুর-১ নামে একটি লাইটার জাহাজ ডুবে গেছে। আজ রোববার সকাল ৭টার দিকে জাহাজটি ডুবে যায়।

এ ঘটনায় ওই এলাকায় নৌযান চলাচল ও নোঙর করার ক্ষেত্রে অন্য জাহাজগুলোকে সতর্ক করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বন্দর কর্তৃপক্ষের মেরিন বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাজটি ডুবে যাওয়ার স্থানটি নৌযান চলাচলের জন্য বিপজ্জনক। দুর্ঘটনাস্থল চিহ্নিত করতে সেখানে একটি কালো বয়া বসানো হয়েছে, যাতে নির্দিষ্ট বিরতিতে সাদা আলো জ্বলবে। সব জাহাজকে ওই স্থান এড়িয়ে চলতে বলা হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, জাহাজটি ডুবে যাওয়ার পরপরই দুর্ঘটনাস্থল চিহ্নিত করে বয়া বসানো হয়েছে। নৌযান চলাচল নিরাপদ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।