ঢাকা পোস্টের খবর অনুযায়ী, চট্টগ্রামের ফটিকছড়িতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানাপ্রাচীরে আঁকা জুলাই গণ-অভ্যুত্থানের গ্রাফিতি ও শহীদ আবু সাঈদের প্রতিকৃতি মুছে সেখানে ‘জয় বাংলা’ লেখার অভিযোগ উঠেছে।

পুলিশ জানিয়েছে, বুধবার (১৮ নভেম্বর) বিকেলে ফটিকছড়ি পৌরসভার জুবলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ৫৮ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, মুখোশ পরা কয়েকজন ব্যক্তি সাদা রঙের স্প্রে ব্যবহার করে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের প্রতিকৃতি, বাংলাদেশের মানচিত্র এবং জুলাই আন্দোলনের বিভিন্ন গ্রাফিতি মুছে ফেলছেন। পরে মুছে ফেলা অংশে ‘জয় বাংলা’ লেখা হয়। এ ছাড়া ভিডিওতে জুলাই গণ-অভ্যুত্থানকে কটাক্ষ করে একটি শব্দও লেখা দেখা যায়।

জানতে চাইলে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান ঢাকা পোস্টকে বলেন, ‘ভিডিওটি পুলিশের নজরে এসেছে। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে বলে জানতে পেরেছি। ইতোমধ্যে ভিডিও দেখে একজনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের তৎপরতা চলছে।’