সমকাল প্রতিবেদন: কুমিল্লার চৌদ্দগ্রামে পূর্ববিরোধের জেরে কাজী ইউসুফ হোসেন (৪৫) নামে এক জামায়াতকর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ সোমবার সকালে উপজেলার বাতিসা ইউনিয়নের আমজাদের বাজারে এ ঘটনা ঘটে।
নিহত ইউসুফ কনকাপৈত গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে। তিনি ইসলামী সংগীতশিল্পীও ছিলেন। সমকাল সূত্রে জানা গেছে, গত শনিবার কনকাপৈত স্কুল মাঠে ট্রাক্টর থেকে বালু ওঠানো-নামানো নিয়ে ইউসুফের সঙ্গে আমজাদের বাজারের ফারিহা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবুল কালাম আজাদের প্রতিষ্ঠানের এক ট্রাক্টরচালকের বাগ্বিতণ্ডা হয়। এ সময় আবুল কালাম ইউসুফকে আমজাদের বাজার এলাকায় যেতে নিষেধ করে হুমকি দেন বলে অভিযোগ রয়েছে।






