বাসস জানিয়েছে, ইন্দোনেশিয়ায় কয়েক মাস ধরে চলা দাবানল থেকে নির্গত ধোঁয়ায় সৃষ্ট বায়ুদূষণে গত সেপ্টেম্বর মাসে আনুমানিক ৩ হাজার ৫৬০ জনের প্রাণহানি হয়েছে। হেলসিংকিভিত্তিক গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার (সিআরইএ) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

একই সময়ে দেশটির প্রায় ৫ কোটি ৭৮ লাখ মানুষ অস্বাস্থ্যকর থেকে বিপজ্জনক মাত্রার দূষিত বাতাসে শ্বাস নিতে বাধ্য হয়েছেন। গবেষণায় দেখা গেছে, এসব মৃত্যুর বেশির ভাগই ঘটেছে ইন্দোনেশিয়ার বোর্নিও দ্বীপের অংশ, জাভা ও সুমাত্রা দ্বীপ এবং দেশটির পূর্বাঞ্চলে।

সিআরইএ’র বিবৃতিতে বলা হয়েছে, ২০২৬ সালের সেপ্টেম্বরে বন ও ভূমিতে লাগা আগুনের কারণে বায়ুর মানের আরও অবনতি ঘটে। এতে দূষণজনিত মৃত্যুর সংখ্যা আগস্ট মাসের হিসাবের দ্বিগুণ হয়েছে।

গবেষকেরা দাবানলের ধেঁয়া ছাড়াও নগর ও শিল্পকারখানা থেকে নির্গত দূষণের প্রভাব পর্যালোচনা করেছেন। এতে দেখা গেছে, শুধু নগর ও শিল্পদূষণের কারণেই সেপ্টেম্বরে আরও ১ হাজার ৭৫০ জনের মৃত্যু হয়েছে।

সব মিলিয়ে ওই মাসে দাবানল ও অন্যান্য উৎসের বায়ুদূষণে ইন্দোনেশিয়ায় মোট মৃত্যুর আনুমানিক সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৩১০ জনে। প্রায় ২৭ কোটি ৮০ লাখ মানুষের দেশটিতে বায়ুদূষণ জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের উদ্বেগ তৈরি করেছে।