বাংলাদেশের পোশাক খাতের ক্রমবর্ধমান উৎপাদন সক্ষমতা প্রদর্শন এবং আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ অন্বেষণে আগামী ২৮ অক্টোবর হংকংয়ে 'বাংলাদেশ অ্যাপারেল রোডশো' অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাসসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এইচএসবিসি বাংলাদেশ, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানি কারক সমিতি (বিজিএমইএ) এবং হংকংয়ে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করছে। হংকংয়ের আইল্যান্ড শ্যাংরি-লা হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্বমানের ক্রেতা, সোর্সিং অংশীদার এবং শিল্প খাতের অংশীদাররা অংশ নেবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় দেশ হিসেবে বাংলাদেশ আন্তর্জাতিক বাজারের গতিশীলতা ও পরিবর্তিত চাহিদার সাথে সামঞ্জস্য রেখে কাজ করছে। এই রোডশোটি পোশাক খাতের অগ্রগতির চিত্র তুলে ধরা এবং আন্তর্জাতিক বাণিজ্য বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বাংলাদেশের পোশাক খাতের সক্ষমতা, বৈশ্বিক খুচরা বাজারের গতিপ্রকৃতি ও উদীয়মান সোর্সিং প্রবণতা নিয়ে আলোচনা, প্যানেল আলোচনা এবং উদ্ভাবনী ও কারিগরি পোশাকের প্রদর্শনী থাকবে। এইচএসবিসি হংকংয়ের গ্লোবাল নেটওয়ার্ক ব্যাংকিং প্রধান অলিভার টি জোনসসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা এতে বক্তব্য রাখবেন।

এইচএসবিসি বাংলাদেশের সিইও মো. মাহবুব উর রহমান এবং বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজক হিসেবে থাকবেন।