প্রথম আলোর তথ্যানুযায়ী, রাজধানীর যাত্রাবাড়ী থানায় বিস্ফোরক আইনে করা মামলায় গ্রেপ্তার মুমতারিন ফেরদৌস ডরিনের জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তিন দিনের রিমান্ড শেষে রোববার বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাবিব উল্লাহ পিয়াসের আদালত এই আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের ওয়ারী জোনাল টিমের উপপরিদর্শক শাহাদাত হোসেন ডরিনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানান। আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করলেও রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেন।
উল্লেখ্য, গত বুধবার রাতে রাজধানীর লালমাটিয়ার একটি বাসা থেকে ডরিনকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার ওয়ারী বিভাগ। পরদিন বৃহস্পতিবার বিস্ফোরক আইনের মামলায় তাঁকে তিন দিনের রিমান্ডে পাঠানো হয়েছিল। ডরিনের বাবা ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ২০১৪ সালে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় খুন হন। তিনি কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।




