ঢাকা ট্রিবিউন বাংলা অনুযায়ী, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ দক্ষিণ বাজারে শনিবার (১৪ নভেম্বর) ভোর ৪টা ১০ মিনিটে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ থেকে ১২টি দোকান পুড়ে গেছে।

স্থানীয়দের ধারণা অনুযায়ী, আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে হতে পারে। খবর পেয়ে বুড়িচং ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়দের চেষ্টায় আগুন ৭টা পর্যন্ত জ্বলতে থাকে, পরে নিয়ন্ত্রণে আসে। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক হোসেন জানান, “অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসকে আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করা হয়েছে। সকাল ৭টা পর্যন্ত আগুন জ্বলছিল। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন্নি ইসলাম জানান, “অগ্নিকাণ্ডে ১০ থেকে ১২টি দোকান সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে ফায়ার সার্ভিস ও উপজেলা প্রশাসন কাজ করছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি করে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।”

ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে তেল, গ্যাস সিলিন্ডার, ঔষধ, মুদি মালের দোকান ও স্টুডিওর দোকানসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। আগুনে দোকানের মালামালসহ সবকিছু পুড়ে যাওয়ায় ব্যবসায়ীরা নিঃস্ব হয়ে পড়েছেন।