ইত্তেফাকের প্রতিবেদন অনুযায়ী, টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই হাইওয়ে থানার পাশে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। একই সময়ে গোড়াই হাটুভাঙ্গা ফ্লাইওভারের নিচে ও আশপাশে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এসব ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রথমে স্মৃতিস্তম্ভে আগুন দেওয়া হয় এবং এর কয়েক মিনিট পর ফ্লাইওভারের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ঘটনায় কেউ হতাহত হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, এ ঘটনায় গোড়াই হাইওয়ে থানায় অগ্নিসংযোগ করা হয়নি। তবে ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলনে গোড়াই হাইওয়ে থানা পুড়িয়ে দেওয়া হয়েছিল।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে থানা পুলিশ ও গোড়াই হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোসহ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি আরও বলেন, নাশকতা প্রতিরোধে গত কয়েক দিন ধরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক, গোড়াই শিল্পাঞ্চল ও মির্জাপুর উপজেলা সদরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত টহল দিচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।






