আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন এবং স্মার্ট এনআইডি কার্ড উৎপাদনসংক্রান্ত জটিলতা কাটাতে আলোচনায় বসেছে নির্বাচন কমিশন (ইসি)। আলোকিত বাংলাদেশ জানায়, সোমবার বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে কমিশনের ১৪তম সভা শুরু হয়।

কমিশনের এই সভায় প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও অন্য চারজন নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এবং ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। সভায় মূলত স্থানীয় সরকার পরিষদের নির্বাচন ও এনআইডি কার্ড পার্সোনালাইজেশন নিয়ে আলোচনা চলছে।

এর আগে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, আজকের সভার এজেন্ডায় দুটি বিষয় গুরুত্ব পাচ্ছে—পাঁচ ধাপে অনুষ্ঠেয় ইউপি নির্বাচনের প্রস্তুতি এবং স্মার্ট এনআইডি কার্ড তৈরির প্রশাসনিক ও কারিগরি বিষয়াবলী। ঘোষিত রোডম্যাপ অনুসারে, ২১ জানুয়ারি প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণের পরিকল্পনা রয়েছে। এছাড়া দ্বিতীয় ধাপের ভোট ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপ ২৯ এপ্রিল, চতুর্থ ধাপ ১৩ মে এবং পঞ্চম ধাপের ভোট ২৭ মে অনুষ্ঠিত হবে।