আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, বায়ুদূষণে বিশ্বের ১২৫টি শহরের মধ্যে ঢাকা ১৩ নম্বর অবস্থানে রয়েছে। ঢাকা পোস্টের প্রতিবেদনে জানানো হয়, শনিবার (৩১ অক্টোবর) সকালের তথ্য অনুযায়ী রাজধানী ঢাকার বায়ুর মান সূচক বা একিউআই স্কোর ১২৪ থেকে ১২৭-এর মধ্যে অবস্থান করছে, যা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষ স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। দ্বিতীয় অবস্থানে চীনের হংহু শহর (স্কোর ১৬৪) এবং তৃতীয় স্থানে ভিয়েতনামের হো চি মিন সিটিতে (স্কোর ১৬২)। এছাড়া চীনের সাংহাই ১৬২ স্কোর নিয়ে চতুর্থ এবং পাকিস্তানের করাচি ১৫৮ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। দূষিত বাতাসের শীর্ষ ১০-এ থাকা অন্যান্য শহরগুলোর স্কোর ৯৯ থেকে ১৫৪-এর মধ্যে।
বায়ুমানের আন্তর্জাতিক সূচক অনুযায়ী, একিউআই স্কোর ০ থেকে ৫০ হলে ‘ভালো’, ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। অন্যদিকে ১৫১ থেকে ২০০ স্কোর ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ স্কোর ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০ স্কোর হলে বায়ুকে ‘ঝুঁকিপূর্ণ’ বিবেচনা করা হয়। বাতাসের মান ঝুঁকিপূর্ণ বা খুবই অস্বাস্থ্যকর হলে শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়।





