যাত্রী পরিষেবা ও সন্তুষ্টির নিরিখে দিল্লি-মিরাট নমো ভারত দ্রুতগামী রেলপথকে সেরা মেট্রোরেল হিসেবে সম্মাননা করা হয়েছে। ওডিশার ভুবনেশ্বরে আয়োজিত নগর পরিবহণ বিষয়ক ঊনবিংশতম ভারতীয় সম্মেলন ও প্রদর্শনীতে এই পুরস্কার প্রদান করা হয়েছে।
বাংলা ট্রিবিউন অনুযায়ী, কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রী মনোহর লাল খট্টর জাতীয় রাজধানী অঞ্চল পরিবহণ নিগম (এনসিআরটিসি) এর ব্যবস্থাপনা অধিকর্তা শালভ গোয়েলের হাতে পুরস্কার তুলে দেন।
দিল্লি, গাজিয়াবাদ ও মিরাটকে যুক্ত করা এই দ্রুতগামী রেলপথ ভারতের প্রথম চালু হওয়া আঞ্চলিক দ্রুত পরিবহণ ব্যবস্থা। প্রায় ৮২ কিলোমিটার দীর্ঘ এই পথে মিরাটের ২৩ কিলোমিটার দীর্ঘ নগর রেলপথের পরিকাঠামোও যুক্ত রয়েছে।
২০২৩ সালের অক্টোবর মাসে নমো ভারত পরিষেবা চালু হয়। এনসিআরটিসির তথ্য অনুযায়ী, চালু হওয়ার পর থেকে এই পথে ৪ কোটি ৮০ লাখেরও বেশি যাত্রা হয়েছে। বর্তমানে প্রতিদিন ১ লাখ ১০ হাজারের বেশি যাত্রী এই পরিষেবা ব্যবহার করেন। এক দিনে সর্বাধিক যাত্রীর সংখ্যা ১ লাখ ৬৮ হাজার ছাড়িয়েছে।
নমো ভারত ট্রেন ঘণ্টায় সর্বোচ্চ ১৬০ কিলোমিটার গতিতে চলতে পারে। শীতাতপ নিয়ন্ত্রিত কামরা, সময় মেনে চলাচল, আধুনিক স্টেশন এবং অন্য পরিবহণ ব্যবস্থায় সহজে যাতায়াতের সুবিধা এই পরিষেবার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। যানজট কিংবা প্রতিকূল আবহাওয়ার সময়ে সড়কপথের বদলে এই ট্রেন যাত্রীদের কাছে সুবিধাজনক বিকল্প হয়ে উঠেছে।
যাত্রী পরিষেবার পাশাপাশি প্রদর্শনীতেও সাফল্য পেয়েছে এনসিআরটিসি। ওই সম্মেলনে সেরা প্রদর্শক বিভাগে প্রথম পুরস্কার জিতেছে সংস্থাটি। পর পর দু’বছর এই বিভাগে সেরার সম্মান পেল তারা।






