চ্যানেল আইর প্রতিবেদন অনুযায়ী, বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) পোশাক শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের সুপারিশ করেছে। বুধবার (১৮ নভেম্বর) ঢাকায় সিপিডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ প্রস্তাব তুলে ধরা হয়।

সংস্থাটি জানায়, খাদ্য, নিত্য প্রয়োজনীয় পণ্য, আবাসন ব্যয় মেটানোর পাশাপাশি সামান্য সঞ্চয়ের সুযোগ বিবেচনায় নিয়ে এই প্রস্তাব করা হয়েছে। চার সদস্যের একটি পরিবারে ১.৫৮ জন উপার্জনক্ষম ব্যক্তি বিবেচনায় নিয়ে মজুরির এই হিসাব করা হয়েছে।

সিপিডি উল্লেখ করেছে, বর্তমানে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা। মূল্যস্ফীতি বিবেচনায় একই পরিমাণ পণ্য ও সেবা কিনতে এখন প্রয়োজন ১৬ হাজার ৩৫১ টাকা। তবে এই পরিমাণ মজুরিতে শ্রমিকদের জীবনমানে উল্লেখযোগ্য উন্নতি হবে না। সংস্থাটির হিসাব অনুযায়ী, চার সদস্যের একটি পরিবারকে উচ্চ দারিদ্র্যসীমার বাইরে রাখতে ন্যূনতম মজুরি প্রয়োজন ১৮ হাজার ৫৭৮ টাকা।

এ কারণে শ্রমিকদের মাসিক মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে নির্ধারণের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোকে দর-কষাকষির পরামর্শ দিয়েছে সিপিডি। সংস্থাটি বলেছে, মজুরি বৃদ্ধির বিষয়টি শুধু মালিক ও শ্রমিকের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়, এ ক্ষেত্রে সরকারেরও দায়িত্ব রয়েছে। সুশাসনের ঘাটতি ও দুর্নীতির কারণে পোশাক খাতে মালিকদের ব্যয় বেড়ে যাচ্ছে বলেও মন্তব্য করেছে তারা।

উল্লেখ্য, চলতি মাসের শুরুতে গঠিত মজুরি বোর্ডে শ্রমিক প্রতিনিধিরা ন্যূনতম ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দিয়েছেন। অন্যদিকে, কারখানা মালিকদের প্রতিনিধি এখনো প্রস্তাব জমা দেননি। আগামী সোমবারের বৈঠকে মালিকপক্ষ তাদের প্রস্তাব উপস্থাপন করতে পারে।