ইনডিপেনডেন্ট টিভির প্রতিবেদন অনুযায়ী, জীবনযাত্রার বাড়তি খরচ ও ধনী-গরিবের আয় বৈষম্যের প্রতিবাদে ফ্রান্সের প্যারিস ও নঁতে শহরে কয়েক হাজার বাসিন্দা আন্দোলন করছেন। শ্রমিক, শিক্ষার্থী ও ইউনিয়ন নেতারা ন্যূনতম মজুরি ও বেতন আরও বাড়ানোর দাবি জানিয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আগামী জানুয়ারিতে মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে ন্যূনতম মজুরি বাড়ানোর কথা থাকলেও সরকার ঘোষণা দিয়েছে যে, তারা ডিসেম্বরেই ন্যূনতম মজুরি দেড় হাজার ইউরো বাড়াবে। তবে ইউনিয়নগুলোর দাবি, সরকারের এই প্রস্তাবিত বৃদ্ধি আন্দোলন থামানোর জন্য যথেষ্ট নয়।
এছাড়া, সেপ্টেম্বরে স্কুল সংস্কার, শিক্ষক নিয়োগ ও বিশ্ববিদ্যালয় সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন এখন জীবনযাত্রার ব্যয় ও কম মজুরির বিরুদ্ধে বৃহত্তর বিক্ষোভে রূপ নিয়েছে।
এদিকে আন্তর্জাতিক শিক্ষার্থী দিবসে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসেও বিক্ষোভ হয়েছে। উচ্চ টিউশন ফি, শিক্ষা সংস্কার ও জীবনযাত্রার বাড়তি খরচের প্রতিবাদে রাস্তায় নামেন হাজারো শিক্ষার্থী ও শিক্ষক।






