ঢাকা ট্রিবিউনের খবর অনুযায়ী, তৈরি পোশাক শিল্পে অস্থিতিশীলতা তৈরি করে বলপ্রয়োগের মাধ্যমে অযৌক্তিক মজুরি ঘোষণার একটি পরিস্থিতি বা প্রেক্ষাপট তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান।

উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে বিজিএমইএ এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, সহ-সভাপতি অমল পোদ্দার এবং বিজিএমইএর সহ-সভাপতি রেজওয়ান সেলিম ও মিজানুর রহমান প্রমুখ।

মাহমুদ হাসান খান জানান, গত ১ নভেম্বর মজুরি বোর্ড গঠিত হলেও অক্টোবরের শেষ সপ্তাহ থেকেই কারখানায় বিশৃঙ্খলা শুরু হয়। মজুরি বোর্ডের প্রথম বৈঠকেই বর্ধিত মজুরির কার্যকরের তারিখ ঘোষণা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এর পরেও যারা নৈরাজ্য সৃষ্টি করছে তারা মূলত চাপের মুখে অযৌক্তিক মজুরি ঘোষণার ক্ষেত্র প্রস্তুত করছে।

চলমান অস্থিরতার কারণে সাভার-আশুলিয়া ও গাজীপুরের ১৪৭টি কারখানায় উৎপাদন চালানো সম্ভব হচ্ছে না বলে জানান তিনি। এর মধ্যে শনিবার বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় ৫৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে এবং ৯২টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ঘটনার পেছনে থাকা ব্যক্তিদের নজরদারিতে রেখেছে বলে তিনি উল্লেখ করেন।