ঢাকা পোস্টের প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের ব্যয় আরও ১৪৪ কোটি ৬৩ লাখ টাকা বাড়ানো হয়েছে। এতে প্রকল্পটির সংশোধিত চুক্তিমূল্য দাঁড়িয়েছে ৩ হাজার ৫১৩ কোটি ৬৯ লাখ ৭০ হাজার ৮৭১ টাকা। মূল চুক্তিমূল্যের তুলনায় প্রকল্পটির ব্যয় বেড়েছে ৭৯৩ কোটি ৬৫ লাখ টাকা বা ২৯ দশমিক ১৮ শতাংশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠক সূত্রে জানা গেছে, চট্টগ্রাম শহরের লালখান বাজার থেকে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের ডব্লিউডি-১ প্যাকেজের আওতায় দ্বিতীয় ভেরিয়েশন প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়েছে। কাজটি বাস্তবায়ন করছে ম্যাক্স-র‌্যাঙ্কেন (জেভি)।

প্রকল্পটির মূল চুক্তিমূল্য ছিল ২ হাজার ৭২০ কোটি ৪ লাখ ৬৭ হাজার ৭৬০ টাকা। প্রথম ভেরিয়েশনে ব্যয় বাড়িয়ে করা হয় ৩ হাজার ৩৬৯ কোটি ৭ লাখ ১০ হাজার ৮৫১ টাকা। এবার দ্বিতীয় ভেরিয়েশনে আরও ১৪৪ কোটি ৬২ লাখ ৬০ হাজার টাকা যুক্ত হওয়ায় সংশোধিত চুক্তিমূল্য দাঁড়িয়েছে ৩ হাজার ৫১৩ কোটি ৬৯ লাখ ৭০ হাজার ৮৭১ টাকা।

রাঙামাটি মেডিকেল কলেজের ভবন নির্মাণ প্রস্তাব অনুমোদন

এদিকে, রাঙামাটি মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং কলেজ প্রতিষ্ঠা প্রকল্পের আওতায় সাততলা হাসপাতাল ভবন নির্মাণের ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সাততলা ফাউন্ডেশনের ওপর নির্মিতব্য এ ভবনে দুর্ঘটনা ও জরুরি বিভাগ, বহির্বিভাগ, ল্যাবরেটরি, রোগ নির্ণয় ও চিকিৎসাসহ বিভিন্ন সেবা বিভাগ থাকবে। গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়ন করা এ কাজের চুক্তিমূল্য ২৩০ কোটি ৮৬ লাখ ৪১ হাজার ৫১৬ টাকা। কাজটি পেয়েছে নূরানী কনস্ট্রাকশন লিমিটেড।

একই প্রকল্পের আওতায় সাততলা অ্যাকাডেমিক ভবন নির্মাণের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। সাততলা ফাউন্ডেশনের ওপর নির্মিতব্য এ ভবনের চুক্তিমূল্য ১০৮ কোটি ৫৭ লাখ ৫৯ হাজার ৩০৪ টাকা। কাজটি বাস্তবায়ন করবে ডেল্টা ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কনসোর্টিয়াম লিমিটেড।