শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য ড. ওসমান ফারুক পদত্যাগ করেছেন। আজ মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সংসদকে বিষয়টি অবহিত করে আসনটি শূন্য ঘোষণা করেন।
আজকের পত্রিকার সংবাদ অনুযায়ী, সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সকালে ই-মেইলের মাধ্যমে স্পিকার বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক। পদত্যাগপত্রে তিনি অসুস্থতার কারণে পদত্যাগের কথা উল্লেখ করেছেন এবং স্পিকারের কার্যালয় পত্রটি গ্রহণ করেছে।
সমকালের প্রতিবেদন অনুযায়ী, স্পিকার জানিয়েছেন, গত ১৪ নভেম্বর থেকে কার্যকর হওয়ার তারিখ নির্ধারণ করে ওসমান ফারুক পদত্যাগের সিদ্ধান্ত নেন। গত ১৫ নভেম্বর স্পিকার পদত্যাগপত্রটি পেয়ে বিধিসম্মত বলে মনে করে তা গ্রহণ করেন। সংবিধানের আলোকে স্পিকার পদত্যাগপত্র গ্রহণের পর থেকে আসনটি শূন্য বলে ঘোষণা দেন।
বিএনপির উচ্চ পর্যায়ের একটি সূত্র আজকের পত্রিকাকে জানিয়েছে, মন্ত্রিত্ব না পাওয়ায় ওসমান ফারুকের মধ্যে অসন্তোষ ছিল, যা পদত্যাগের কারণ হতে পারে।
উল্লেখ্য, অসুস্থতার কারণে দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ওসমান ফারুক। গত ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে তিনি ভোট দেননি। ত্রয়োদশ জাতীয় সংসদে তিনি ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাই করতে গঠিত বিশেষ কমিটির সদস্য এবং ‘ককাস অব আমেরিকা ইন দ্য ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ’-এর সভাপতি ছিলেন।






